নিকলীতে আপন বোনজামাইকে কুপিয়ে হত্যা

খাইরুল মোমেন স্বপন, ‌বি‌শেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আপন বোনের জামাইকে কুপিয়ে হত্যা করেছে আহাম্মদ (৬২) নামের এক পাষন্ড। তি‌নি উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারপাড়া গ্রামের মৃত কাছুম আলীর পুত্র। নিহত ইসহাক (৫৩) একজন গরু ব্যবসায়ি ও একই ইউনিয়নের সিঙ্গারপাড় গ্রামের আমির হোসেনের পুত্র।

এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারপাড়া ও সিঙ্গারপাড়সহ আশপাশের গ্রামগুলির মধ্যে প্রভাব প্রতিপত্তি নিয়ে এলাকাভিত্তিক দ্বন্দ্ব চলমান। দুই দলের মধ্যে একাধিক মামলাও রয়েছে বিচারাধীন। নিহত ইসহাক ও আহাম্মদ পরষ্পর প্রতিপক্ষের লোক। নিজেদের মধ্যেও পারিবারিক কলহ বিদ্যমান।

শনিবার সকালে ইসহাক গরুর জন্যে ভুষি ও পরিবারের জন্য চাল কিনতে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর বাজারে যান। মালামাল নিয়ে বাড়ি ফিরতে তিনি অটো টেম্প্যু ভাড়া নেন। জ্ঞানপুর নামক স্থানে পৌঁছামাত্র সেখানে আ‌গে থেকে উৎপেতে থাকা আহাম্মদ আলী ও সঙ্গিরা ইসহাকের যানটি অবরোধ করেন।

ধারালো অস্ত্র দিয়ে উপর্য়ুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকদল। করোনা ভাইরাসের কারণে জনশূণ্য রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত কেউ আটক বা মামলা হয়নি বলে বাজিতপুর থানা সূত্রে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!