কলেজ ছাত্রী মাহমুদা হত্যাচেষ্টা : প্রতিবাদে হিলচিয়ায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে কলেজছাত্রী মাহমুদা আক্তার (১৯)কে হত্যাচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হিলচিয়া বাজারে কয়েকটি স্কুলের ৪-৫ হাজার শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। মানববন্ধন শেষে সমাবেশে হিলচিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: কবির আলম শাহ, ডা. মোরশেদ আলম, মাওলানা আব্দুল কাইয়ূম হুসাইনি, মো: মাহতাব উদ্দিন, মো: সাদেকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মাহমুদা আক্তার হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হিলচিয়াসহ আশেপাশের এলাকার মাদকাসক্ত কর্তৃক স্কুল, কলেজগামী ছাত্রীদের উত্যক্ত বন্ধে জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি বিকেলে নিজ গ্রাম নিকলী উপজেলার পাড়াবাজিতপুর থেকে কোচিং ক্লাসে যাওয়ার পথে হিলচিয়া ব্রিজের ওপর বখাটে জসিম উদ্দিন (২৫), রাজু আহম্মেদ (২১), মহসিন মিয়া (৫০)সহ ৬-৭জন ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে গুরুতর জখম করে বাজিতপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তারকে।

এ ঘটনায় মাহমুদার বড়ভাই তাজুল ইসলামের দায়েরকৃত মামলায় মাহমুদার সাবেক স্বামী জসীম ও রাজু নামের দুই সহোদর বখাটেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় নিকলী থানা পুলিশ। কিশোরগঞ্জের এডিশনাল এসপি রাকিব খান ঘটনার স্থান পরিদর্শন ও দোষীদের শাস্তির আশ্বাস দেন। জ্ঞান ফিরলেও এখনো শঙ্কা কাটেনি বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!