ভৈরবে গাড়িবহর থেকে বিএনপি নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট সফর উপলক্ষে আজ (সোমবার) ঢাকা থেকে গাড়িবহর নিয়ে রওয়ানা করেন। কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা চেয়ারপারসনের গাড়িবহরে যোগদান করতে ভৈরবে জমায়েত হন।

এ সময় গাড়িবহর ও ভৈরবের বিভিন্ন স্থান থেকে কিশোরগঞ্জ জেলা ও অন্যান্য উপজেলার অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

এর মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. বাহার মিয়া, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদল আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেল রয়েছেন। জানা যায়, আটককৃত সবাইকে কিশোরগঞ্জ নেয়া হয়েছে।

এদিকে, আজ দুপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু গাড়িবহরে যোগ দিতে ভৈরব উপস্থিত হলে তাকেও পুলিশ আটক করে। তবে পরবর্তীতে বিএনপির আরো দুই নারীনেত্রীসহ বদরুল মোমেন মিঠুকে ছেড়ে দেয়া হয়।

উপজেলা বিএনপি সভাপতি বদরুল মোমেন মিঠু ফোনে আমাদের নিকলী ডটকম-কে জানান, “গাড়িবহরে যোগ দিতে আসা শতাধিক দলীয় নেতা-কর্মীকে ভৈরব থেকে আটক করা হয়েছে। আমাকেও আটক করা হয়েছিলো। পরবর্তীতে ছেড়ে দেয়া হয়।”

Similar Posts

error: Content is protected !!