“সংবাদকর্মী বলায় ক্ষেপে যান হাটহাজারী পৌর প্রকৌশলী!”

নিজস্ব প্রতিবেদক ।।

চট্টগ্রামের হাটহাজারী পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ইউএনও, উপজেলা চেয়ারম্যান এবং জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ আল আজাদ নামে একজন সংবাদকর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার আদর্শ গ্রামের আদম আলী ও নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে পার্শ্ববর্তী বসবাসকারী বদি সওদাগরের পুত্র দিদারুল আলম খোকন তার পরিবারের ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য সড়কের বুক খুঁড়ে নিচ দিয়ে পানির পাইপ নিয়ে প্রায় ৪০ ফুট দূরত্বে নিয়ে যায়। কিন্তু তার বসতঘরের পরে অভিযোগকারীর পরিবার বসবাস করছে। তার সাথে লাগানো পাহাড়ের একটি খাল রয়েছে। খাল থেকে বসতঘর প্রায় ৩০ ফুট উপরে। পানি নিষ্কাশনের জন্য যে পাইপ লাইন বসানো হয়েছে বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ও বসতঘরের পানি যাতায়াতে যে কোন সময় পাহাড় ধসে বসতঘর ভেঙ্গে যাওয়ার আশংকার কথা জানালেন মাহমুদ আল আজাদ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পৌর ইঞ্জিনিয়ার বেলাল আহমদ খাঁনকে পাঠালে তিনি খোকনের সাথে যোগসাজশ করে এসে মাত্রই উল্টো হুমকি ধমকি দেয়া শুরু করেন। তারপর ইঞ্জিনিয়ার অভিযোগকারীকে বলেন, তুমি কে? ইউএনও মহোদয়কে জানালে কেন? তুমি এত টপ লেভেলে গেলে কেন? এখানে পাইপ লাইন দিলে তোমার কি সমস্যা?

অভিযোগকারী নিজের পরিচয় দিতে গিয়ে “সংবাদকর্মী” বলায় ইঞ্জিনিয়ার আরো ক্ষেপে গিয়ে বলেন, পারলে পত্রিকায় গিয়ে ছাপায় দাও? এরপর খোকনকে কাজ করার জন্য বলে দেন। তার পরে সন্ধ্যায় আবারো উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে শনিবার ১২ মে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে খোকনের পরিবারকে সকড়ের পাইপ উঠিয়ে ফেলতে বলে দেন। আর সড়ক যেভাবে ছিল সেভাবে সমান করে দিতেও বলেন ইউএনও। এবং সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উভয় পক্ষকে যোগাযোগ করতে বলে দেন। কিন্তু সকালে উভয় পক্ষ যোগাযোগ করলেও পানি নিষ্কাশনের পাইপ আগের মতো বহাল থাকায় হতাশা ও আশঙ্কায় দিন কাটাচ্ছে মাহমুদ আল আজাদের পরিবার।

একাধিক সূত্রে জানা যায়, পৌরবাসীরা এ ইঞ্জিনিয়ারের কাছে জিম্মি হয়ে আছে। তার বিরুদ্ধে অভিযোগের কোন শেষ নেই। তারপরও কর্তৃপক্ষের কোন সুরাহা মেলে না। এ নিয়ে পৌরবাসীর কাছে কৌতূহল সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে পৌর ইঞ্জিনিয়ার অনিয়মের পাহাড় গড়ে তোলে পৌরসভায়। পৌরসভার সূচনালগ্ন থেকে অদ্যাবধি দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় একই পদে বহাল থাকায় তার এ অবস্থার প্রতিফলন ঘটছে বলে অনেকেই জানান।

পৌরসভার ইঞ্জিনিয়ার বেলাল আহমদ খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাকে চিনি না। কে আপনি? প্রয়োজন হলে অফিসে এসে কথা বলেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আক্তার উননেছা শিউলীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে অভিযোগের বিষয়টি দেখছি বলে জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।

Similar Posts

error: Content is protected !!