কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ) ।।

নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। বুধবার (৭ নভেম্বর ২০১৮) দিনটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের শোলাকিয়ার স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা চারদলীয় ঐক্যজোটের সাবেক আহ্বায়ক ও কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো: মাসুদ হিলালী।

কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি মাসুদ হিলালী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য কবিরউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুর রহমান সিকদার।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট শাহ্ কামাল, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: এরশাদউদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমন, মো: মাঈনউদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হিলালী বলেন, “আমি নির্বাচন করতে মাঠে নামিনি, দেশ ও গণতন্ত্র রক্ষায় আমি মাঠে নেমেছি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে নেমেছি। আমি সংলাপ বুঝি না। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমি মাঠের আন্দোলনে থাকবো।” আলোচনা সভায় মঙ্গলবারের জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানান মাসুদ হিলালী। সেই সাথে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এ অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদরসহ আশপাশের উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!