নিজস্ব প্রতিনিধি ।।
গতকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি ২০১৯) নব্বই দশকের অন্যতম কবি ও গবেষক মহিবুর রহিমের জন্মদিন মনোজ্ঞ আয়োজনে অনুষ্ঠিত হয়। পথিক সাহিত্য পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল রেজাউল করীম, সভাপতিত্ব করেন কবি জয়দুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক মানবর্দ্ধন পাল, কবি ও অ্যাডভোকেট মো. হারুনুর রশীদ খান, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, বিশিষ্ট সাংবাদিক আল আমিন শাহীন, অ্যাডভোকেট আবু ইউসুফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, পথিক টিভির চেয়ারপার্সন প্রভাষক রাবেয়া জাহান তিন্নি, কবি রাকিবুল ইসলাম, কবি গোলাম মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পথিক টিভির কর্ণধার লিটন হোসাইন জিহাদ। অনুষ্ঠান বিপুলসংখ্যক লেখক সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বলেন, কবি মহিবুর রহিম একজন সৌভাগ্যবান মানুষ; কারণ তিনি সাহিত্যের গভীরে ডুব দিতে পেরেছেন। এটা সবাই পারে না। মহিবুর রহিম একজন উঁচুদরের কবি। তাঁর কবিতায় ভাবের গভীরতা আমি লক্ষ্য করেছি। আমাদের ইকবাল স্যারের বিদায় অনুষ্ঠানে তিনি একটা কবিতা পড়েছিলেন যা আমাকে অভিভূত করেছিল। এ ধরনের কবিতা সচরাচর পাওয়া যায় না। এ থেকেই তার কবিতার ভাবের মাত্রাটি বুঝতে পেরেছি। আমি কবি মহিবুর রহিমের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। তিনি আরও ভাল কবিতা আমাদের উপহার দেবেন এই প্রত্যাশা রইল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন, আজকে যাকে কেন্দ্র করে এই আয়োজন কবি মহিবুর রহিমের সাহিত্যিক সাফল্য কামনা করছি। তিনি একজন কবি ও গবেষক। দীর্ঘদিন ধরে সাহিত্য নিয়ে কাজ করছেন। জন্মদিনে তার জন্যে শুভ কামনা রইল।
বিশেষ অতিথি বক্তব্যে অধ্যাপক মানবর্দ্ধন পাল বলেন, জন্মদিনে কবি মহিবুর রহিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি একজন শক্তিমান কবি। শুধু তাই নয়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার লোকসাহিত্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যা খুবই গুরুত্বপূর্ণ। মহিবুর রহিম কবিতার মতো প্রবন্ধ ও গবেষণা কর্মেও খ্যাতি অর্জন করেছেন যা আমাকে আনন্দিত করে। কারণ তিনি আমার একজন বন্ধুপ্রতীম ব্যক্তিত্ব, যদিও বয়স আমার চেয়ে কিছুটা কম। তার সাফল্য আমাদের সবার সাফল্য।
সাংবাদিক আল আমিন শাহিন বলেন, কবি মহিবুর রহিম এই ভাটি বাংলার মানুষের জীবন-সংস্কৃতি-আবেগ স্বপ্ন ভাষা খুঁজে বেড়ান। তার মধ্যে সাহিত্যের শিল্পের রস সঞ্চার করেন। এভাবেই তিনি একজন শক্তিমান কবি হয়ে উঠেছেন। ঢাকায় গেলে বুঝতে পারি কবি মহিবুর রহিম এ সময়ে কতটা পরিচিত বা খ্যাতিমান কবি। অনেক খ্যাতিমান কবিরাও তার প্রশসংসা করেন। এটা আমাদের মনকে আনন্দিত করে। আজকের জন্মদিনের অনুষ্ঠানটি সব দিক থেকে পূর্ণ হয়েছে। এখানে সর্বস্তরের বরেণ্য ব্যক্তিগণ উপস্থিত আছেন।
অনুষ্ঠানে সংবর্ধিত কবি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। অনুষ্ঠানে পথিক পরিবারের পক্ষ থেকে কবি মহিবুর রহিমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।


