নিকলীতে ৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী সাতজনকে গ্রেপ্তার করে শুক্রবার (৬ ডিসেম্বর) জেল হাজতে পাঠিয়েছে নিকলী থানা পুলিশ।

নিকলী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গাঁজা ও চোলাই মদ বিক্রির সময় নোয়াপাড়া গ্রামের ফুলচাঁন রবি দাস (৬০), আবু ব্বাক্কার (৪৫) ও আল ইসলাম (৩৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

একই দিন বিকেলে নিকলী সদর ইউনিয়নের কূর্শা কিতাব হাটি গ্রামের হাবিব মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে ৮পিস ইয়াবাসহ ছাবেদ আলীর পুত্র হাবিবুর রহমান হবি (৩৫), রোদারপুড্ডা গ্রামের আবু ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ (৩০), কূর্শা বাগানবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে মোঃ খোকন (২৭) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম ছিদ্দিকি বলেন, গ্রেপ্তারকৃত সাতজনই দীর্ঘদিন ধরে দামপাড়া ইউনিয়ন ও সদর ইউনিয়নে ইয়াবা, চোলাই মদ, গাঁজাসহ মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পুড়িয়া গাঁজা, ৮ পিস ইয়াবা ও ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার রাতেই সাতজনের নামে নিকলী থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!