এস এম ইলিয়াস, নিজস্ব প্রতিনিধি ।।
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এনায়েতনগর ইউনিয়নের মধ্য ধর্মগঞ্জ (ঢালিপাড়া) থেকে গত রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) আনুমানিক ৪টার দিকে সাতজন লোক একটি গাড়িতে করে কারপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নানশ্রী গ্রামের মোহাম্মদপুরে (গয়বেরভিটায়) এসে পৌছান। তারা বাড়িতে আসার আগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারের নিকট থেকে কোন রকম অনুমতি নেননি এবং তাদের কেউ কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেনি।
দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ থেকে অনুমতি ছাড়া এসে অবাদে চলাফেরা করায় এলাকাবাসি খুবই আতংকের মধ্যে রয়েছে। উল্লেখ, তারা সকলেই গার্মেন্টস কর্মী এবং খুবই অসচেতন। হোম কোয়ারেন্টাইন তো দূরের কথা, তারা এসেই আলাদা কোনো ঘরে না উঠে উঠেছেন তাদের পরিবার যে ঘরে বাস করে সে ঘরেই। বাড়ির আশপাশের সকল পরিবারের সাথেই তারা মিশছেন।
সরকার কৃষকদের বিষয়ে একটি ঘোষণা (শর্তসাপেক্ষে অনুমতি) দেওয়ার পর থেকে ইতিপূর্বে যারা নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন তারা কেউই কোনোরকম হোম কোয়ারেন্টাইন মানছেন না।
এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলা ও নিকলী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি বিশেষভাবে কামনা করছেন এলাকাবাসী।

