নিকলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‍্যালি

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

“মোস্তফা জানে রহমত পে লাখো সালাম”, দয়াল নবীজীর আগমনে শান্তি এলো ত্রিভূবনে— এই শানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কিশোরগঞ্জের নিকলীতে বর্ণাঢ্য জশনে জুলুসে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামাত, নিকলী উপজেলা শাখার উদ্যোগে নিকলী কলেজ মাঠ থেকে র‍্যালিটি বের হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলী উপজেলা শাখার সভাপতি ক্বারী নূর মোহাম্মদ আল আবেদী ও সাধারণ সম্পাদক পীরজাদা হজরত মাওলানা তৌহিদুল ইসলাম লাহিন্দী।

এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাইগুন জালাল দরবার শরীফ শাহ আলী জাহান, হজরত মাওলানা আবে কাউসার, দামপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল ইসলাম, কামালপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফুল ইসলাম, কারপাশা ইউনিয়ন শাখার সভাপতি আবু তালেবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ।

র‍্যালিটি “আল্লাহু আকবার”, “ইয়া রাসুল আল্লাহ”, “ইয়া গাউছুল আযম”সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে নিকলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি পুনরায় নিকলী কলেজ মাঠে এসে শেষ হয়।

র‍্যালি শেষে নিকলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া। এতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, নৈতিক শিক্ষা ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিকলী উপজেলা শাখার সভাপতি ক্বারী নূর মোহাম্মদ আল আবেদী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পরে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!