নিকলীতে কৌশল্যর আত্মহত্যা, যেন সতীদাহ!

বিশেষ প্রতিনিধি ।।

কারো অনুমতির তোয়াক্কা না করে প্রেমিকের আজন্ম সাথী হতে ঘর ছেড়েছিলেন কৌশল্য রাণী দাস (২৫)। সেই আজন্ম জীবন সাথী স্বামী নেপাল দাস (৩০)-এর মৃত্যুর মাসপূর্তি হতে-না-হতেই বুধবার ১৮ জানুয়ারি সকাল ১০টায় নিজ জীবন বিসর্জন দিয়ে নজির দিলো সতীদাহের। নেপাল-কলির এই প্রেমকাহিনী গল্পের মতো চর্চা হচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাট-বাজার ও ঘরে ঘরে।

জানা যায়, নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পাড়াবাজিতপুর দাসপাড়া গ্রামের মণি দাসের মেয়ে একই গ্রামের উমেশ দাসের ছেলে নেপাল দাসকে ভালোবেসে ঘর ছেড়েছিলো বছর সাতেক আগে। হিন্দু রীতি মতে নিকটাত্মীয়ের সাথে বিয়ে সহজে মানেনি দুই পরিবার। চট্টগ্রামে ভাড়া ঘরে পেতেছিলো সুখের সংসার।

কিছু দিন আগে দুই পরিবারের অভিমান কমলে ফিরে আসে পৈতৃক বাড়িতে। জাতি পেশা মাছ শিকারের মন্দা সময়ে নেপাল দাস হয়ে পড়েন ঋণগ্রস্ত। বিভিন্ন সময়ে তার নামে এলাকায় ঋণের টাকা পরিশোধ নিয়ে হয় একাধিক দেন-দরবার। মাসখানেক আগে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায় নেপাল। নেপালের এই অকাল মৃত্যু মানতে পারেনি নিঃসন্তান কৌশল্য রাণী। স্বামীর স্মৃতি না ভুলতে পেরে প্রতিদিনই জীবন কাটে একাধিকবার মূর্ছায়। অবশেষে বুধবার সকালে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে নিকলী থানার ওসি মো. মুঈদ চৌধুরী কৌশল্য রাণীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে থানায় ইউডি মামলা রুজু হয়েছে বলে জানান।

Similar Posts

error: Content is protected !!