নিকলীতে এক রাতে ৪ জায়গায় দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তিনটি দোকান ও গোবিন্দপুরের কোরিয়া প্রবাসীর বাড়িতে শনিবার (২৪ মার্চ) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলা সদরের ব্যস্ততম রাস্তার পাশের দোকানে এমন চুরির ঘটনায় স্থানীয় জনগণ শঙ্কিত।

২৪ মার্চ দিবাগত রাতে নিকলী উপজেলা সদরের শুক্কুর মিয়ার মোবাইল ও ভ্যারাইটি স্টোর, মহব্বত আলী সরকারের ছোটভাই মোঃ ফজর আলীর দোকান এবং পঞ্চারহাটির সুমন সূত্রধরের ভ্যারাইটি স্টোরে ঘরের টিনের চাল কেটে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ফজর আলীর দোকান থেকে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা ও মালামাল, শুক্কুর মিয়ার দোকান থেকে নগদ ত্রিশ হাজার টাকা ছাড়া অন্য কি মালামাল চুরি যায় তা জানাতে পারেননি এবং সুমনের দোকান থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ মালামাল চুরি হয়।

উল্লেখ্য, যেসব দোকানে চুরি হয়েছে তিনটিই নিকলীর খুবই জনবহুল রাস্তার ওপর। এদিক দিয়ে প্রায় সারা দিন-রাতই লোকজনের চলাচল থাকে। থানা পুলিশের টহল দলেরও বাইরে যাওয়া এবং থানায় যাওয়ার জন্যও এই রাস্তাগুলো ব্যবহার করা হয়ে থাকে। থানা থেকে এই দোকানগুলোর দূরত্ব সর্বোচ্চ ৬০০ গজ হতে পারে।

এছাড়াও গোবিন্দপুর গ্রামের এক কোরিয়া প্রবাসীর বাড়িতেও ঘরের আলমারির তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সেখান থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। নিকলী সদর ইউনিয়নে এক রাতে এতগুলো চুরি আগে আর কখনো সংঘটিত হয়েছে কি না সে বিষয়ে কেউ বলতে পারেনি।

দোকানগুলো নিকলী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হওয়ায় সেখানকার মেম্বার সাহের উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও প্রতিবেদক কথা বলতে পারেননি।

এ ঘটনা নিয়ে নিকলী সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপের সাথে কথা হলে তিনি জানান, সবক’টি চুরির স্থান নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাথে নিয়ে পরিদর্শন করেছি। দোকানদারকে জানিয়েছি কাউকে সন্দেহ হলে তা থানায় অথবা আমাকে জানানোর জন্য। আমি সে বিষয়ে ব্যবস্থা নেব।

চেয়ারম্যান আরও বলেন, পঞ্চারহাটি ও ঈদগাহ মোড়ে সুমনের যে দোকানে চুরি হয়েছে তার ঠিক পাশেই আমার নিজেরও বিল্ডিংয়ের কাজ চলছে। সেখানে নিয়মিত একজন পাহারাদার অবস্থান করে। গত কয়েকদিন আগেও আমার বিল্ডিংয়ের কাজের জন্য রাখা রড থেকে কিছু রড চুরি হয়ে যায়। তখন তাকে বলা হলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করি এই পাহারাদারকেও যদি সন্দেহ হয় তাহলে তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারেন।

Similar Posts

error: Content is protected !!