কিশোরগঞ্জ-৫ আসন : বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মাসুক

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মো: মাসুক মিয়া। সম্প্রতি নিকলীর রসুলপুরে নিজ বাড়িতে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে উপজেলার যুবদল নেতা ফরিদ উদ্দিন আহাম্মেদ বলেন, ‘মাসুক ভাই বিএনপির অতীতের আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে থেকেছেন। শিকার হয়েছেন মামলা হামলার। খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে দলের প্রতিটি কর্মসূচিতে এখন আরো সক্রিয় তিনি। একাদশ সংসদে দলের মনোনয়ন পেতে তিনি দুই উপজেলার গ্রামে-গ্রামে চষে বেড়াচ্ছেন। সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণসংযোগ করছেন। গরিব-দুঃখির পাশে দাঁড়াচ্ছেন।’

উপজেলার জারুইতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের হাফেজ হাজী আশরাফ উদ্দিনের ছেলে মাসুক মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বনির্ভর দলের কেন্দ্রীয় কমিটিরও যুগ্ম সাধারণ সম্পাদক। ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত।

নির্বাচনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে হাজী মো: মাসুক মিয়া বলেন, ‘আমি আশা করছি আমার দল বিএনপি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাকে এবারের নির্বাচনে মনোনয়ন দেবেন। ধানের শীষ প্রতীক নিয়ে আমি মানুষের হয়ে কাজ করতে চাই। বিশেষ করে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ নিয়ে কাজ করতে চাই। এলাকার শিক্ষিত-অর্ধশিক্ষিত বেকার যুবকদের কাজের ক্ষেত্র তৈরি করতে চাই। এর জন্য দলকেও সংগঠিত করছি। আগামী দিনে আন্দোলন-সংগ্রাম, নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত হচ্ছি।’

Similar Posts

error: Content is protected !!