আমাদের নিকলী ডেস্ক ।।
স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ২৫০ জন।
রোববার (৮ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পরীক্ষার সিলেবাস ও নির্দেশাবলী প্রকাশ করা হয়।
এই বিসিএসে অংশ নিতে আগামী ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যাদের বয়স ২১ থেকে ৩২ বছর তারা আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, বিশেষ বিসিএস-এ ২০০ নম্বরের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে।
এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষায় মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর; বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর।
লিখিত পরীক্ষার পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। অন্যদিকে, মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০। লিখিত ও মৌখিক পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাস করতে হবে। এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাসস
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট : www.bpsc.gov.bd

