বিশেষ প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন নাহার হলেল সাবেক ছাত্রলীগ নেত্রী ও যুব মহিলা লীগ কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক তৌহিদা আক্তার নাজনীন।
গত শনিবার (১৯ জানুয়ারি ২০১৯) মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের তৌহিদা আক্তার নাজনীন। একই দিন মনোনয়নপত্র জমাও করেন। তিনি “নেতা” হিসেবে পরিচিত নিকলীর খ্যাতিমান ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর মেয়ে।

তৌহিদা নাজনীন নব্বই-এর দশকে কিশোরগঞ্জ শহরের প্রথা ভেঙ্গে ছাত্র রাজনীতিতে নেমেছিলেন। সে সময় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের প্রথম মহিলা সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সামসুন নাহার হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ক্যাম্পাস এবং রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন।
সে সময় প্রায়ই আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের ফলে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমে তার ছবি প্রকাশ হতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স করে তৌহিদা নাজনীন আইন পেশায় নিয়োজিত হন। বর্তমানে যুব মহিলা লীগ কেন্দ্রীয় সংসদের সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন নিজের যোগ্যতা এবং দক্ষতা বজায় রেখে।

স্বজন, বন্ধু এবং রাজনৈতিক সহকর্মীদের চাপাচাপিতে তিনি দল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।
তৌহিদা নাজনীনের স্বামী একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মা হোসনেয়ারা ইদ্রিস মুক্তা মহিলা আওয়ামী লীগ কিশোরগঞ্জ জেলা শাখায় জন্মলগ্ন থেকেই সহ-সভাপতি হিসেবে রাজনৈতিক ময়দানে রয়েছেন।

