মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূইয়া হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মোঃ মনির কামাল এই রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফাসির দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ মাহবুবুর রহমান ভূইয়া মহুর, আফজাল ভূইয়া, এমদাদুল হক, সিকরিত ভূইয়া, নয়ন ভূইয়া, ভূলন ভূইয়া, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্যাসী ও নিলুফা আক্তার। অপর দুই আসামি তাছলিমা আক্তার (পলাতক), শামীম ফয়সাল বিন রুহুল পলাতক এক বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীন নামে একজনকে খালাস প্রদান করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর কিশোরগঞ্জের বাজিতপুর মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর বানানো নিয়ে বিরোধের জেরে ঢাকার আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূইয়াকে বল্লম দিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন মোবারকের ছোট ভাই মোজাম্মেল হক ভূইয়া ষোলজনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২ জানুয়ারি বাজিতপুর থানার পরিদর্শক ভারপ্রাপ্ত ষোলজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। একই বছর ১৭ ডিসেম্বর ট্রাইবুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। চার্জশীটের ৩১ জন সাক্ষীর বিভিন্ন সময় ২৩ জন স্বাক্ষ্য দেন।

