‘হাওরবাসীর জীবন-জীবিকা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন

আমাদের নিকলী ডেস্ক ।।

‘হাওরবাসীর জীবন-জীবিকা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে হাওর এলাকায় বন্যার আগাম সতর্ক বার্তার উন্নয়ন, দীর্ঘমেয়াদী কৃষিজ পরিকল্পনা গ্রহণ, বাঁধ নির্মাণ ও সংস্কারসহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সুপারিশ করা হয়েছে।

আজ বুধবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘হাওর জীবন-জীবিকা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব সুপারিশ তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন এবং ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান।

‘হাওরবাসীর জীবন-জীবিকা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ‘সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (সি৩ইআর) এর ওয়াটার রিসোর্চ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট প্রবাল সাহা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সি৩ইআর নামের গবেষণা প্রতিষ্ঠান ‘হাওরবাসীর জীবন-জীবিকা’ শীর্ষক এই গবেষণা পরিচালনা করে।

ব্র্যাকের পরিচালক কেএএম মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মজিবুর রহমান, সেভ দ্য চিলড্রেন-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান, ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রধান শ্যাম সুন্দর, ওয়ার্ল্ড ভিশন-এর হিউম্যানেটেরিয়ান অ্যান্ড ইমার্জেন্সি অ্যাফেয়ার্স-এর পরিচালক ডোলন যোসেফ গোমেজ প্রমুখ। বাসস

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী বলেন, হাওরের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে সরকার আন্তরিক এবং কাজ করে যাচ্ছে। তিনি হাওর এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মাঝে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, তা দিয়ে ১৬ কোটি মানুষের জীবন মান উন্নয়ন সত্যিই খুব কঠিন কাজ। তবে আমাদের জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলে যদি ঠিকঠাক মতো কাজ করি তাহলে অপচয় কম হবে। জিডিপি ২% বাড়বে। তবে সকল কাজের আগেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে- আসলে আমাদের অগ্রাধিকার কোনটি। সেভাবে কাজ করতে পারলে দেশ উপকৃত হবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়ে গেছেন বলে আমরা স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছি।

অর্থ প্রতিমন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, ৩০-৪০ বছর আগের তুলনায় হাওরাঞ্চলের মানুষের জীবন-মান প্রভূত উন্নত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময় হাওরাঞ্চলে বিদ্যুত নিয়ে যাওয়া হয়েছে। এই সরকারের সময় হাওরের উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে আকস্মিক বন্যায় হাওরবাসীর জীবন-জীবিকা ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাদের সামগ্রিক উন্নয়নে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড-এর অর্থায়নে ও ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর ব্যবস্থাপনায় ‘ফ্ল্যাশ ফ্লাড রিকভারি প্রজেক্ট’ (এফএফআরপি) গ্রহণ করা হয়। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ব্র্যাক, সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনাল এবং ওয়ার্ল্ড ভিশন। এ পরিস্থিতিতে হাওরবাসীর উন্নয়নে করণীয় নিরুপণে এ গবেষণা পরিচালিত হয়।

গবেষণা প্রতিবেদনের সুপারিশে প্রবাল সাহা বলেন, হাওরবাসীর উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প কলকারখানা স্থাপন, নারী উদ্যোক্তা তৈরিতে সহায়তা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি। এছাড়া দুর্গম যোগাযোগ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনায় ত্রুটি, জলমহালগুলো প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা হাওর অঞ্চলের মানুষদের জীবন-জীবিকার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪টি, দিরাই উপজেলায় ৩টি এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২টি কমিউনিটির মধ্যে জরিপ পরিচালিত হয়। গুণগতভিত্তিতে পরিচালিত জরিপে কমিউনিটির মোট ১২৬ জন মানুষ ও স্থানীয় সরকারের ৯ জন অংশ নেন। জরিপে অংশ নেয়া অধিকাংশই হাওরবাসীর উন্নয়নে জরুরি করণীয় হিসেবে বিকল্প কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেন। এজন্য তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা স্থাপন, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ প্রদানের মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরিতে সহায়তার কথা বলেছেন। এছাড়া উৎপাদিত কৃষিজ পণ্য বিক্রি না হওয়ার জন্য ‘ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনাকে’ বড় সমস্যা হিসেবে তারা চিহ্নিত করেন।

গবেষণায় যেসব সুপারিশ করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য- হাওরবাসীর সমস্যা মোকাবেলায় স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা, আপৎকালে জলমহাল উন্মুক্তকর ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আগাম সতর্কতার জন্য কারিগরি উন্নয়ন ঘটানো।

Similar Posts

error: Content is protected !!