বর্ণাঢ্য আয়োজনে জেগে ওঠো নরসুন্দার ৮০০তম সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন জেগে ওঠো নরসুন্দার ৮০০তম শুক্রবাসরীয় সাহিত্য আসর কিশোরগঞ্জ প্রেসক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম।

স্বাগত বক্তব্য রাখেন খ্যাতিমান সংগঠক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমদউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ছড়াকার মহিবুর রহিম। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, চিত্রশিল্পী এম এ কাইয়ুম, প্রফেসর প্রাণেশ কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কবি কবিতা ও ছড়া পাঠ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কবি মহিবুর রহিম বলেন, সাহিত্য একটি সাধনার বিষয়। সাহিত্যে সফলতা পাওয়া সহজ কথা নয়। এর জন্যে সফল সাহিত্যের নিবিষ্ট পাঠ দরকার। আমরা যত বেশি সাহিত্য অধ্যয়ন করব তত বেশি করে সাহিত্যের সমসাময়িকতাকে বুঝতে পারব। এতে করে সাহিত্যে সফলতার পথ উন্মোচিত হবে।

জেগে ওঠো নরসুন্দাকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন আখ্যায়িত করে তিনি আরও বলেন, ৮০০তম সাহিত্য আসর করা নিঃসন্দেহে গৌরবজনক। এই সংগঠন একটি সামাজিক আন্দোলনের সূচনা করতে পেরেছে। সেই সাথে কিশোরগঞ্জের সাহিত্য সংস্কৃতিতেও আনতে পেরেছে জাগরণ। এটা কম কথা নয়।

স্বাগত বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আহমদউল্লাহ বলেন, জেগে ওঠো নরসুন্দা একটি চলমান ট্রেন। এর অনেক যাত্রী বিভিন্ন স্টেশনে নেমে গেছে। কিন্তু ট্রেন তার স্বাভাবিক গতিতে চলছেই। জেগে উঠো নরসুন্দা অদূর ভবিষ্যতেও এগিয়ে যাবে কিশোরগঞ্জের শিল্প সাহিত্য সংস্কৃতিতে মূল সংগঠন হিসেবে ভূমিকা রাখবে।

সভাপতির আলোচনায় অধ্যাপক আবুল কাশেম বলেন, সাহিত্য জাতিকে জাগিয়ে তুলে। মানুষের চেতনাকে পরিশুদ্ধ করে। সমৃদ্ধ জাতি গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে কবি মহিবুর রহিম ও কবি সফুরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!